ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্নের জবাব চায় উয়েফা, চাপে ফিফা সভাপতি

২০ অক্টোবর ২০২৬ - ১৩:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্নের জবাব চায় উয়েফা, চাপে ফিফা সভাপতি
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ আরও জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি তার শাসন ব্যবস্থা ও একাধিক উদ্যোগ নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে ফিফাকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা। এতে আগামী ২ নভেম্বরের মধ্যে ইনফান্তিনোকে ৪২টি নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের সূত্রে সোমবার এসব তথ্য প্রকাশ করা হয়।

​ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস ফিফার সাধারণ সম্পাদক মাত্তিয়াস গ্রাফস্ট্রমের কাছে এই চিঠিটি পাঠান। ১২টি ভিন্ন বিষয়ে মোট ৪২টি প্রশ্ন উত্থাপন করে থিওডোরিডিস উল্লেখ করেন, এসব প্রশ্নের উত্তর এখনই দেওয়া জরুরি এবং তা আগামী ফিফা কাউন্সিলের সভা পর্যন্ত ঝুলিয়ে রাখা সম্ভব নয়। শাসনব্যবস্থায় ভবিষ্যতে সংস্কার আনা হলেও অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক বলে চিঠিতে জোর দেওয়া হয়।

​উয়েফার তোলা প্রশ্নগুলোর মূলে রয়েছে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) শীর্ষক একটি বাণিজ্যিক পরিকল্পনা। এই প্রকল্পের মাধ্যমে একটি পৃথক বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপের বিভিন্ন স্পন্সরশিপ ও স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রকল্পটি বাতিল হলেও, প্রস্তাবটি উত্থাপনের পর থেকেই উয়েফা ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়ে আসছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদান করা ফিফা শান্তি পুরস্কার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এতে।

​৫৬ বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা নির্বাচনে পুনরায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, যার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের ১৮ নভেম্বর। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে তিনি ফিফা কাউন্সিলের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছিলেন, তার প্রশাসন নিয়ে কারও প্রশ্ন থাকলে তা লিখিতভাবে জমা দিলে আগামী ১৬ ডিসেম্বরের সভায় উত্তর দেওয়া হবে। তবে উয়েফা অতদিন অপেক্ষা করতে নারাজ এবং দ্রুত জবাব নিশ্চিত করতে তৎপরতা চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0