রাওয়ালপিন্ডিতে স্লো ওভার রেট: পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আইসিসির জরিমানা
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো-ওভার রেটের দায়ে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী শ্রীলঙ্কা দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় উভয় দলের খেলোয়াড়দের এই আর্থিক জরিমানা করা হয়।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা কাটার বিধান রয়েছে। রাওয়ালপিন্ডিতে হিসাব-নিকাশ শেষে দেখা যায়, পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার এবং শ্রীলঙ্কা এক ওভার পিছিয়ে ছিল। ফলে পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েন নাইটস, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি যৌথভাবে এই স্লো ওভার রেটের অভিযোগ আনেন। পরে আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তির প্রস্তাব দিলে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস তা মেনে নেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচে প্রথমে ব্যাট করে সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরিতে (১০৭ রান) ভর করে ৩০৫ রানের সংগ্রহ গড়েছিল পাকিস্তান। জবাবে ২৫৩ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। তবে শেষ মুহূর্তে মাত্র ১৮ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় তারা। ফলে ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক পাকিস্তান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











