উজবেকিস্তান যাওয়া হলো না টিটি তারকা হৃদয়ের, বিমানবন্দরেই বাধল বিপত্তি
সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যাওয়া হলো না বাংলাদেশের টেবিল টেনিসের শীর্ষ তারকা মুহতাসিন আহমেদ হৃদয়ের। অন-অ্যারাইভাল ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দর থেকেই তাঁকে ফিরে আসতে হয়েছে।
১৯ থেকে ২৫ অক্টোবর তাসখন্দে এই মহাদেশীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে গত শনিবার রাতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় তিন জন পুরুষ ও তিন জন নারী খেলোয়াড় এবং একজন কোচসহ মোট সাত সদস্যের দলটির তাসখন্দে যাওয়ার কথা ছিল। দলের অন্য সদস্যরা বিমানে উঠতে পারলেও হৃদয়ের যাত্রা আটকে যায়।
জানা গেছে, তাসখন্দ থেকে পাঠানো একটি চিঠিতে হৃদয়ের নামের পাশে ‘ক্রস চিহ্ন’ থাকায় এয়ারলাইনস কর্তৃপক্ষ তাঁকে বোর্ডিং পাস দেওয়ার পরও শেষ পর্যন্ত বিমানে উঠতে দেয়নি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তাসখন্দের উদ্দেশে রওনা দিয়েছিলেন হৃদয়। কিন্তু বিমানবন্দর থেকে একা বাড়ি ফিরে আসতে হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন এই ক্রীড়াবিদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে হৃদয় জানান, পেশাগত জীবনের অত্যন্ত কঠিন একটি সময়ের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। দেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে বিমানবন্দরে দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষা করেও শেষ পর্যন্ত দলের সঙ্গে তাঁর যাত্রা সম্ভব হয়নি। এই মুহূর্তে তিনি আগামীতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











