রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ছাপিয়ে সেভিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

১৯ অক্টোবর ২০২৬ - ১৩:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ছাপিয়ে সেভিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়
ছবি সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জয় উদযাপন ছাপিয়ে আলোচনায় চলে এসেছে রেফারিং সিদ্ধান্ত। ম্যাচের প্রথমার্ধে সেভিয়ার ফরোয়ার্ড পেককে কনুই দিয়ে আঘাত করার অভিযোগে রিয়ালের তুর্কি তারকা আর্দা গুলারকে লাল কার্ড না দেওয়া নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেভিয়ার খেলোয়ারদের দাবি, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সঠিকভাবে হস্তক্ষেপ করেনি।

​ম্যাচের ২২তম মিনিটে রিয়াল মাদ্রিদের একটি পাল্টা আক্রমণ প্রতিহত করতে গিয়ে গুলারের হাতের ধাক্কায় মাঠে পড়ে যান পেক। সেভিয়ার ফুটবলাররা তৎক্ষণাৎ মাঠের রেফারি বুস্কেতস ফেরের কাছে গুলারের সরাসরি লাল কার্ডের দাবি জানান। তবে ভিএআর চেক করা হলেও রেফারিকে মাঠের মনিটরে ঘটনাটি পুনরায় পর্যালোচনার আহ্বান জানানো হয়নি। কারণ রিপ্লেতে আঘাতের তীব্রতা বা সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট ছিল না। রেফারির সঙ্গে তীব্র প্রতিবাদ ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে উল্টো সেভিয়ার হাইসেন ও ফেলিক্স কোরিয়াকে হলুদ কার্ড দেখতে হয়।

​এই বিতর্কের মাত্র আট মিনিট পর ম্যাচের ৩০তম মিনিটে দিয়ামান্দের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলার। এরপর একক নৈপুণ্যে চমৎকার এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

​ম্যাচের বিরতির সময় সেভিয়ার ডিফেন্ডার কিকে সালাস ক্ষোভ প্রকাশ করে বলেন, পেককে স্পষ্টভাবে কনুই মারা সত্ত্বেও গুলারকে কোনো শাস্তি না দেওয়া এবং ভিএআর নীরব থাকা অত্যন্ত হতাশাজনক। সেভিয়া শিবিরের দাবি, আর্দা গুলারকে শুরুতেই মার্চিং অর্ডার দেওয়া হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0