আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের বড় জয়, মালদ্বীপকে ৪০-৮ গোলে হারিয়ে বাংলাদেশকে বার্তা
আইএইচএফ নেশনস ট্রফিতে দুর্দান্ত জয় দিয়ে শুভসূচনা করেছে ভারত। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে ৪০-৮ গোলের বড় ব্যবধানে হারিয়ে বড় বার্তা দিয়েছে দলটি।
রোববার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী হ্যান্ডবলের এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। ম্যাচের প্রথম মিনিটেই মালদ্বীপের জালে বল পাঠায় তারা। এরপর ম্যাচজুড়ে অব্যাহত থাকে গোলের ধারা। প্রথমার্ধে ২০-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতীয় দল। দ্বিতীয় অর্ধে মালদ্বীপের মেয়েরা আরও ৬টি গোল পরিশোধ করতে পারলেও ভারতের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত আরও ২০টি গোল দিয়ে বিশাল জয় নিশ্চিত করে ভারত।
ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ভারতের দেবী জাগরিতি। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়া সবসময়ই আনন্দের। সোমবার স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়া নিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি কঠিন প্রতিপক্ষ এবং তাদের খেলা তারা পর্যবেক্ষণ করেছেন। টুর্নামেন্টের ট্রফি জয়ই তাদের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ ব্যবধানে হারায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী সোমবার দুপুর ২টায় নেপালের মুখোমুখি হবে মালদ্বীপ এবং বিকেল সাড়ে ৪টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











