ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ফিফা সভাপতি, বাফুফে সভাপতির সঙ্গে ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা
মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রবিবার দুপুরের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
ভুটানে যাওয়ার পথে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন ফিফা প্রধান। বিমানবন্দরে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থানকালে বাফুফে সভাপতির সঙ্গে দেশের ফুটবল পরিবেশ এবং এর সামগ্রিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
এই আলোচনার বিষয়ে বাফুফে সহ-সভাপতি ও গভর্মেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, দেশের ফুটবলের সার্বিক চিত্র তার কাছে তুলে ধরা হয়েছে। বিশেষ করে কক্সবাজারে ফিফার অর্থায়নে বাস্তবায়নাধীন টেকনিক্যাল সেন্টার নির্মাণের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সময় প্রয়োজনভেদে ফিফার আর্থিক অনুদান বৃদ্ধি করার বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।
বিমানবন্দরে ফিফা সভাপতির ট্রানজিটসংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বাফুফে সার্বিক সমন্বয় বজায় রাখে।
তবে গুরুত্বপূর্ণ এই যাত্রাবিরতির বিষয়টি বাফুফে আগাম কোনো তথ্য বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে জানায়নি। এমনকি সম্প্রতি জাতীয় দল কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলেও গণমাধ্যমকে তা অবহিত করা হয়নি। যদিও নারায়ণগঞ্জে সম্ভাব্য ফুটবল একাডেমির জমি পরিদর্শনের আগাম আমন্ত্রণ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাফুফেকে বেশ তৎপর দেখা গেছে।
বর্তমানে বাফুফের মিডিয়া বিভাগে দুজন উচ্চ বেতনভূক্ত কর্মকর্তা নিয়োজিত থাকলেও সংস্থাটির তথ্য সরবরাহ ও গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। তাঁদের মধ্যে একজন জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে বিতর্কের জন্ম দেন, যার বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি আমিরুল ইসলাম বাবুর নেতৃত্বে মিডিয়া কমিটি থাকলেও তাদের সার্বিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











