ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অতীত পরিসংখ্যান ও নতুন মিশনের শুরু
বাংলাদেশ ক্রিকেট দল আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাঠে নামছে। ১৯৯৭ সালে কেনিয়ার প্রেসিডেন্টস কাপে অংশ নেওয়ার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট ফরম্যাটে যাত্রা শুরু করে টাইগাররা। দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ১৩টি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র শিরোপা জয়ের সাফল্য আসে ২০১৯ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত সিরিজে। এছাড়া আরও দুই আসরে ফাইনাল খেললেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
১৯৯৭ সালে কেনিয়ায় স্বাগতিক দেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক আসরে চার ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। তবে পরবর্তীতে দেশের মাটিতে ২০০৯ ও ২০১৮ সালের ত্রিদেশীয় টুর্নামেন্টে ফাইনালে পৌঁছালেও দুবারই শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে বেশি চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কানাডা ও বারমুডার বিপক্ষে দুই ম্যাচ জিতলেও ফাইনাল না থাকায় শিরোপা নির্ধারণ হয়নি।
শিরোপার খরা থাকলেও ত্রিদেশীয় সিরিজে বেশ কিছু স্মরণীয় জয় রয়েছে বাংলাদেশের। ১৯৯৮ সালে ভারতের মাটিতে কোকা-কোলা সিরিজে কেনিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রথম জয় তুলে নেয় দল। এছাড়া ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর ঐতিহাসিক সাফল্য দেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। আজ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হওয়া নতুন ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিকেল সাড়ে পাঁচটায় এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











