ইনজুরির কাছে হেরে মাত্র ৩০ বছর বয়সে স্কটিশ পেসার ব্র্যাড হুইলের অবসর
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর পেসার ব্র্যাড হুইল মাত্র ৩০ বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ দিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করার পর অবশেষে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
বারবার ইনজুরির ধকল সামলাতে না পেরে এই ডানহাতি পেসার মাঠ ছাড়ার এই কঠিন সিদ্ধান্ত নেন। তার ক্যারিয়ারজুড়ে পিঠে চারবার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছিল এবং সম্প্রতি তাকে হাঁটুর অস্ত্রোপচারও করাতে হয়েছে। ইনজুরির এই দীর্ঘ লড়াইয়ের ফলে এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। স্কটল্যান্ডের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ৪৪টি ম্যাচ খেলে ৫১টি উইকেট শিকার করেছেন হুইল।
২০১৬ সালে হংকংয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ক্যারিয়ারে মোট চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই বোলার। এছাড়া বৈশ্বিক টুর্নামেন্টে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটল্যান্ডের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে ব্র্যাড হুইল বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে হ্যাম্পশায়ারে কাটানো সময় এবং স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করাটা তিনি দারুণভাবে উপভোগ করেছেন। তবে বারবার আঘাত পাওয়ার কারণে বাধ্য হয়েই তাকে ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হচ্ছে বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











