এএফসি অ্যাওয়ার্ডের দুই বিভাগে বাফুফের মনোনয়ন, প্রতিদ্বন্দ্বিতায় ভারত ও গুয়াম
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক আয়োজন ‘এএফসি অ্যাওয়ার্ডস ব্যাংকক ২০২৬’-এ দুটি ভিন্ন বিভাগে মনোনয়ন লাভ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এই মনোনয়ন ঘোষণা করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এএফসি এবারের পুরস্কারের জন্য মনোনীত দেশ ও ফেডারেশনগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। ফুটবলে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।
ঘোষিত তালিকা অনুযায়ী, বাফুফে ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার (রুবি)’ বিভাগে জায়গা করে নিয়েছে। এই ক্যাটাগরিতে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এবং লাওস ফুটবল ফেডারেশন।
অন্যদিকে, ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল (সিলভার)’ বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশ। এই ক্যাটাগরিতে বাফুফের প্রতিপক্ষ হিসেবে রয়েছে গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। প্রতিটি বিভাগ থেকে পরবর্তীতে বিজয়ী ফেডারেশনকে চূড়ান্তভাবে বেছে নেবে এএফসি।
উল্লেখ্য, এশিয়ার বিভিন্ন দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলার প্রসার এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এএফসি নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করে থাকে। ৩০তম এএফসি অ্যাওয়ার্ডস আসরে মোট ১৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আগামী ২৯ নভেম্বর স্থানীয় সময় রাত আটটায় এই জমকালো অনুষ্ঠান শুরু হবে, যা এএফসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











