গ্যালারিতে ইসলামবিদ্বেষী স্লোগান: স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ফিফার জরিমানা ও শাস্তি
গ্যালারিতে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক স্লোগান দেওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর জের ধরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করার পাশাপাশি আগামী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত ৩১ মার্চ, বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে স্পেন ও মিসরের মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে। ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হলেও প্রথমার্ধের প্রায় ১০ মিনিটের মাথায় এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যালারির একটি অংশ থেকে 'যে লাফাবে না, সে মুসলিম' শীর্ষক ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের সতর্কবার্তা প্রচার করা হলেও কিছু অংশ থেকে তা উপেক্ষা করে দুয়ো দেওয়া হয়।
পরবর্তীতে ঘটনার তদন্ত শেষে ফিফার শাস্তিমূলক কমিটি এই আচরণকে ‘ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের লিখিত বক্তব্যে দাবি করেছিল যে এই স্লোগান বৈষম্যমূলক নয়; তবে ফিফা তাদের সেই যুক্তি বাতিল করে স্পষ্ট জানায়, স্লোগানটি কোনোভাবেই নিরীহ ছিল না।
ফিফার নির্দেশনা অনুযায়ী, স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৫ শতাংশ আসন—বিশেষ করে দুই গোলপোস্টের পেছনের গ্যালারি বন্ধ রাখতে হবে। তবে ফিফার অনুমতি সাপেক্ষে এসব আসনে শিক্ষার্থী, পরিবার কিংবা বৈষম্যবিরোধী সামাজিক সংগঠনের সদস্যদের বসানো যাবে। স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে নেশনস লিগের সূচির ওপর ভিত্তি করে শাস্তির মেয়াদ ইউরো ২০২৮-এর বাছাইপর্ব পর্যন্ত পেছাতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











