মেসির প্রতি অনন্য সম্মান: পেরুর আন্দিজ পর্বতে আবিষ্কৃত নতুন উদ্ভিদের নাম ‘সালভিয়া মেসি’
ফুটবল পিচে জাদু দেখিয়ে বিশ্ব জয় করার পর এবার জীববিজ্ঞানের পাতায় যুক্ত হলো লিওনেল মেসির নাম। পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে ফুটবলের এই জীবন্ত কিংবদন্তির সম্মানে। প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘সালভিয়া মেসি’ (Salvia messii)।
আর্জেন্টাইন কৃষিবিদ রোলান্দো উরিয়া প্রথম নাগরিক বিজ্ঞানবিষয়ক একটি অনলাইন প্ল্যাটফর্মে অপরিচিত এক উদ্ভিদের চিত্র দেখে গবেষণায় আগ্রহী হন। পরবর্তীতে তিনি লিমার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পেরুভীয় উদ্ভিদবিজ্ঞানী পাউল গনসালেস আরসে ও জ্যাঁ কাপচা রামোসকে যুক্ত করে যৌথ গবেষণা শুরু করেন। কয়েক বছরের টানা অনুসন্ধান ও পুরনো নমুনা পর্যালোচনার পর আন্দিজের দুর্গম পাহাড়ি ঢালে এই নতুন উদ্ভিদের উপস্থিতি নিশ্চিত করেন গবেষকরা।
প্রায় দেড় মিটার উঁচু এই গুল্মজাতীয় উদ্ভিদটির পাপড়িতে রয়েছে সাদা ও হালকা নীল রঙের সংমিশ্রণ, যা স্বয়ং আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের স্মৃতি মনে করিয়ে দেয়। বৈজ্ঞানিক সাময়িকী Phytotaxa-য় প্রজাতিটির বিশদ বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৪০০ মিটার উঁচুতে সীমিত অঞ্চলে এদের বাস। তবে দাবানল ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন হতে বসা এই প্রজাতিটিকে বিশেষজ্ঞরা সুরক্ষার তাগিদ দিয়েছেন।
উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগেও মেসিকে সম্মান জানিয়ে ছত্রাক, মাকড়সা, গিরগিটি, প্রাগৈতিহাসিক শকুন ও খোলসি প্রাণীর নামকরণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











