সামরিক প্রযুক্তিতে বড় পদক্ষেপ: ৫০০ মিলিয়ন ডলারে রেসোন্যান্ট সায়েন্স কিনে নিচ্ছে জোবি এভিয়েশন
ডিফেন্স বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় ও ত্বরান্বিত করতে প্রতিরক্ষা প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রেসোন্যান্ট সায়েন্স’ কেনার ঘোষণা দিয়েছে জোবি এভিয়েশন। প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির মাধ্যমে কোম্পানিটি সামরিক খাতে বড় ধরনের ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে।
বর্তমানে বৈদ্যুতিক উল্লম্ব টেক-অফ ও ল্যান্ডিং (ইভিটিওএল) উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকের চেয়ে সামরিক বাজারের দিকে বেশি নজর দিচ্ছে। বিশ্বজুড়ে বিশেষ করে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে ব্যয় যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ইভিটিওএল-এর বাণিজ্যিক অনুমোদন প্রক্রিয়াও প্রত্যাশার চেয়ে কিছুটা ধীরগতির হচ্ছে।
চুক্তির শর্তানুযায়ী, জোবি এভিয়েশন নগদ ৪৫০ মিলিয়ন ডলার এবং বাকি ৫০ মিলিয়ন ডলার নিজেদের সাধারণ শেয়ারের মাধ্যমে পরিশোধ করবে। ২০২৭ সালের প্রথম অর্ধেকের মধ্যে এই অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি সম্পূর্ণ হলে ওহাইওর ডেটন অঞ্চলে জোবির কারখানা, সমন্বয় ও পরীক্ষা কেন্দ্র মিলিয়ে স্থান দাঁড়াবে প্রায় ১০ লাখ বর্গফুটে।
অধিগ্রহণের পর ওহাইওর ডেটনভিত্তিক প্রতিষ্ঠান রেসোন্যান্ট সায়েন্স সরাসরি জোবির ডেডিকেটেড ডিফেন্স ইউনিট বা সামরিক শাখা হিসেবে কাজ করবে। জোবির হাইব্রিড ও স্বায়ত্তশাসিত ভিটিওএল প্রজেক্টগুলোও এই ইউনিটের অধীনে পরিচালিত হবে। অপরদিকে কোম্পানিটির বাণিজ্যিক এয়ার ট্যাক্সি কার্যক্রম পূর্বের ন্যায় স্বাধীনভাবে বাস্তবায়িত হবে।
রেসোন্যান্ট সায়েন্স মূলত মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক গ্রাহকদের জন্য রেডিও-ফ্রিকোয়েন্সি এবং মিশন সিস্টেম ডিজাইন ও তৈরি করে থাকে। জোবি এভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোবেন বেভির্ট জানান, রেসোন্যান্টের এই উন্নত প্রযুক্তি উড়োজাহাজকে জটিল পরিবেশে দেখতে, যোগাযোগ রাখতে এবং কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। এর ফলে জোবির বাণিজ্যিক টিম এয়ার ট্যাক্সি মিশনে পুরোপুরি মনোনিবেশ করতে পারবে এবং নতুন নতুন বাজারে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
এদিকে অধিগ্রহণের এই খবর প্রকাশের পর শেয়ারবাজারে সান্টা ক্রুজভিত্তিক জোবি এভিয়েশনের শেয়ারের দর প্রি-মার্কেট ট্রেডিংয়ে ৬.৫ শতাংশ হ্রাস পেয়েছে।
সামরিক বাজারে মনযোগ কেন?
বাণিজ্যিক আকাশে উড়ার অনুমোদনে দীর্ঘ সময় লাগায় ইভিটিওএল খাতের প্রতিষ্ঠানগুলো রাজস্ব ও বিনিয়োগ রক্ষায় দ্রুত সামরিক চুক্তির দিকে ঝুঁকছে। রেসোন্যান্ট সায়েন্সের বিশেষায়িত প্রযুক্তি যুক্ত হওয়ায় জোবি এখন শুধু বেসামরিক যাত্রী পরিবহন নয়, বরং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে যাচ্ছে।
সুত্র :রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











