ডেঙ্গু ও রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নির্দেশনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী
জাতীয় নানা সংকট ও রোগব্যাধি নিয়ন্ত্রণে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলা ও চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সরাসরি দিকনির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযানসহ নানামুখী পদক্ষেপের ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়।
রিজভী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নিজেও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা উদ্যোগে জোর দিচ্ছেন। তবে মাঠপর্যায়ে যারা সরকারের নির্দেশনা বাস্তবায়ন করবেন, তাদের সর্বোচ্চ আন্তরিকতা বজায় রেখে কাজ করা জরুরি। দায়িত্ব পালনে যেন কোনো শিথিলতা বা ঘাটতি না থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জেডআরএফ কেবল শহরেই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও দুস্থ মানুষের সেবায় পৌঁছে গেছে। অতীত অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, করোনা মহামারি, শীতের তীব্রতা কিংবা বন্যার মতো যেকোনো বিপদে প্রবাসে থেকেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে মানবিক সহায়তা নিশ্চিত করেছিলেন তারেক রহমান।
তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাম চিরকাল অবিচ্ছেদ্য হয়ে থাকবে। স্বৈরাচারী শাসনের চ্যালেঞ্জ সত্ত্বেও মানবিক কার্যক্রম থামেনি উল্লেখ করে তিনি জানান, করোনা ও হামের চিকিৎসা সহায়তার পাশাপাশি বন্যাকবলিত অঞ্চলে সহায়তা, পঙ্গু রোগীদের কৃত্রিম পা সংযোজন, চিকিৎসাসেবা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো নানা কল্যাণমুখী কাজ অব্যাহত রেখেছে সংগঠনটি।
শ্রদ্ধা নিবেদন ও ব্রিফিংকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











