নিজের সন্তানের ভবিষ্যতের স্বার্থে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯ অক্টোবর ২০২৬ - ১৭:০৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নিজের সন্তানের ভবিষ্যতের স্বার্থে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও প্রতিটি নাগরিকের জন্য বসবাসযোগ্য করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

​সভায় সন্তানদের ভবিষ্যতের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো অভিভাবকই চান না তার সন্তান অস্বাস্থ্যকর ও জীবাণুযুক্ত পরিবেশে বেড়ে উঠুক। সন্তানের বিচরণ কেবল নিজ বাসাবাড়ির আশপাশে সীমাবদ্ধ থাকে না; তারা শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠসহ নগরীর নানা প্রান্তে যাতায়াত করে। তাই পুরো শহরকে বাসযোগ্য রাখতে সার্বিক পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজেদের চেষ্টার মাধ্যমে এ অবস্থার পরিবর্তন করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​বর্জ্য ও অপরিচ্ছন্নতাকে ঢাকা শহরের প্রধানতম সমস্যা হিসেবে চিহ্নিত করে সরকারপ্রধান বলেন, এই সংকটের রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবাই যদি আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা অব্যাহত রাখেন, তবে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের লন্ডন শহরের ঐতিহাসিক পরিবর্তনের উদাহরণ দিয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদি প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমেই আন্তর্জাতিক শহরগুলো পরিচ্ছন্ন রূপ পেয়েছে।

​পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তিনি নিয়মিতভাবে শহরের সড়ক বিভাজক ও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের হালনাগাদ তথ্য নেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আত্মসমালোচনা করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর জোর দেন। সম্প্রতি বাংলাদেশে কর্মরত দক্ষিণ কোরিয়ার এক শীর্ষ ব্যবসায়ীর সাথে কথোপকথনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে আগের চেয়ে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হলেও কাজ আরও বাকি রয়েছে।

​মতবিনিময়ের পূর্বে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র ঘুরে দেখেন। সেখানে তিনি আবহাওয়া, বায়ুর মান, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভূমিকম্পসংক্রান্ত হালনাগাদ তথ্য ও বন্যার পূর্বাভাব মনিটরিংয়ের সার্বিক প্রক্রিয়া সরজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সাহায্যে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং ডিএসসিসির নগর উন্নয়নমূলক কাজের একটি তথ্যচিত্র উপভোগ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0