সংবিধান সংশোধনে বিরোধী দলের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বিরোধী দল কাঙ্ক্ষিত সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি নানা পদক্ষেপ সামনে এগিয়ে নেওয়া হলেও সংশোধন কার্যক্রমে বিরোধী দলের কাছ থেকে আশানুরূপ সমর্থন মিলছে না।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সরকার একটি কার্যকর সাংবিধানিক রূপরেখা তৈরি করতে চায়, যাকে অনেকেই সংস্কার হিসেবে দেখছেন। এতে সরকারের কোনো আপত্তি নেই। তবে দুঃখজনক হলেও সত্য, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা এই সংবিধান সংশোধন প্রক্রিয়ায় যুক্ত না হয়ে অসহযোগিতা করছে।
জুলাই জাতীয় সনদের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ পথপরিক্রমা ও আলোচনার মধ্য দিয়ে এই ঐতিহাসিক দলিল রচিত হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের চ চূড়ান্ত রূপই ছিল ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান। রক্তের বিনিময়ে অর্জিত এই অভ্যুত্থানের চেতনা জাতীয় জীবনে চিরকাল প্রেরণা জুগিয়ে যাবে এবং ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়ার দিকনির্দেশক হয়ে থাকবে।
রাজনৈতিক চর্চার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও এই চেতনা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। তিনি বলেন, জুলাইয়ের ত্যাগকে কেবল আনুষ্ঠানিকতা কিংবা নির্দিষ্ট দিনে উদযাপনের মধ্যে আটকে রাখা যাবে না। বরং নাটক, সাহিত্য ও বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমের ভেতরেও একে বাঁচিয়ে রাখতে হবে। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব নয়।
সনদ বাস্তবায়ন নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, বাস্তবায়নের একটি ধাপ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। এর কিছু বিষয় সংবিধান এবং কিছু অংশ প্রচলিত আইনকানুনের সঙ্গে সম্পর্কিত, যা একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন, শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের স্বপ্নকে কেন্দ্র করে দেশ গঠনের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











