স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি, কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি বা অর্থের অপচয় বরদাশত করা হবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের ৩২তম ‘ডিএনএমসি ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও বিদেশে পাচার হয়েছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানেও টানা ১২ বছর কোনো আয়কর প্রদান করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার ও প্রতিষ্ঠানের নতুন গভর্নিং বডি এখন সেই পুঞ্জীভূত বকেয়া ও দায় পরিশোধের উদ্যোগ নিয়েছে।
দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে ড. এম এ মুহিত আরও বলেন, দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে টেকসই উন্নয়ন অর্জিত হবে না। স্বাস্থ্য খাতে দুর্নীতির সামান্যতম আলামত পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
জনগণের তহবিলের যথাযথ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, চব্বিশের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজ চলছে। বাজেটের প্রতিটি টাকা নতুন ডাক্তার-নার্স নিয়োগ এবং সাধারণ ও দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে ওষুধ ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে ব্যবহার করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











