সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ফল না হওয়া পর্যন্ত তদারকির ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৬ অক্টোবর ২০২৬ - ২১:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ফল না হওয়া পর্যন্ত তদারকির ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ছবি সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা সম্পন্ন হয়।

​নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বিকেলে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, প্রশ্নফাঁসের অপচেষ্টা বা অনিয়ম রুখতে পরীক্ষা সম্পন্ন হওয়া থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া তিনি নিজেই তদারকি করবেন।

​আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অপরাধে বিশেষ বাহিনী এসআরপি ইতোমধ্যে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পেছনে যুব উন্নয়ন অধিদপ্তরের ভেতরের বা বাইরের যারাই যুক্ত থাকুক না কেন, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​তিনি আরও জানান, এর আগে প্রশ্নফাঁসের কারণে পরীক্ষা বাতিল হওয়ায় এবার নিয়োগ কার্যক্রমে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন করা থেকে শুরু করে কেন্দ্রগুলোতে তা নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো সময় তিনি নিজে সচিবালয়ে অবস্থান করে সার্বিক তদারকি করেছেন।

​আমিনুল হক আশা প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ে অর্থাৎ আগামীকালের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি চলছে। পরবর্তী লিখিত ও মৌখিক ধাপ শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি শূন্যপদসহ অন্যান্য পদের নিয়োগ প্রক্রিয়া সফলভাবে শেষ করা হবে।

​উল্লেখ্য, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদের জন্য প্রায় তিন লাখ আবেদনকারী অংশ নেন। এর আগে গত শনিবারে পরীক্ষা দিতে এসে কেন্দ্র পৌঁছানোর শেষ মুহূর্তে প্রশ্নফাঁসের কারণে পরীক্ষা বাতিলের সংবাদ পেয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন পরীক্ষার্থীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0