মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ, সময়সীমা ১৫ নভেম্বর

১৬ অক্টোবর ২০২৬ - ১২:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ, সময়সীমা ১৫ নভেম্বর
ছবি সংগৃহীত

মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করা বাধ্যতামূলক ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাইক মালিকদের এই নির্দেশনা মেনে নম্বরপ্লেট সংযোজন ও তা দৃশ্যমান রাখার তাগিদ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

​সম্প্রতি বিআরটিএ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুসরণে মোটরসাইকেলের পেছনে আরএফআইডিসহ আধুনিক মানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেট ব্যবহারের নিয়ম আগে থেকেই রয়েছে। বর্তমান সিদ্ধান্তের ফলে পেছনের পাশাপাশি বাইকের সামনের অংশেও নম্বরপ্লেট সাঁটানো আবশ্যক করা হলো।

​প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিআরটিএর বেঁধে দেওয়া নির্দিষ্ট মাপ ও শর্ত মেনে বাইক মালিকদের নিজ দায়িত্বে সামনের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। সংস্থার নির্দেশনা অনুযায়ী:

​স্কুটার: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।

​অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। স্কুটার ব্যতীত অন্য বাইকের ক্ষেত্রে নম্বর একই আনুভূমিক লাইনে লেখা যাবে

ফন্ট ও উপাদান: দুই ধরনের বাইকের ক্ষেত্রেই ফন্টের উচ্চতা বা সাইজ ন্যূনতম ২০ মিলিমিটার রাখতে হবে। নম্বরপ্লেট তৈরিতে অ্যালুমিনিয়াম কিংবা স্টেইনলেস স্টিল ব্যবহার করতে হবে।


​রং ও নকশা: সাদা পটভূমির ওপর স্পষ্ট কালো রঙের বাংলা বর্ণ ও সংখ্যা ব্যবহার করতে হবে। নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো শোভাবর্ধক উপাদান, কাস্টমাইজেশন বা নকশা যুক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

​আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নিয়ম বাস্তবায়নে ব্যর্থ হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 1
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 1
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0