প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর আজ শুরু, শ্রমবাজার খোলার আশা

২১ জুন ২০২৬ - ১০:৩৭
প্রকাশিত: ৪ মাস আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর আজ শুরু, শ্রমবাজার খোলার আশা
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে আজ রোববার (২১ জুন) ঢাকা ছাড়ছেন তারেক রহমান। ছয় দিনের এই সফরে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরবর্তীতে চীন ভ্রমণ করবেন। কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

মালয়েশিয়া সফরে গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) এবং দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরে বাংলাদেশের বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং সেখানে অবস্থানরত অনিয়মিত কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়টি আলোচনার মূল এজেন্ডা হিসেবে স্থান পাবে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিশেষ করে হালাল পণ্য রপ্তানি এবং তথ্যপ্রযুক্তি, কৃষি ও উৎপাদন খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, এই সফরের মাধ্যমে সিন্ডিকেটমুক্ত ভিসা ও দীর্ঘদিনের শ্রমবাজার সংকটের একটি স্থায়ী সমাধান আসবে।

চীন সফরে সম্পর্ক ও উন্নয়নের নতুন দিগন্ত মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন প্রধানমন্ত্রী চীনের ডালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ২৪ জুন বিকেলে বুলেট ট্রেনে করে তিনি বেইজিংয়ে পৌঁছাবেন। চীন সফরে বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারিত হবে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সফরে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ প্রতিষ্ঠার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে, যেখানে চীন অনুদান দেবে। পাশাপাশি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নেও চীনের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। ২৬ জুন সফর শেষ করে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0