বিচার বিভাগের স্বাধীনতায় বর্তমান সরকার আন্তরিক: অ্যাটর্নি জেনারেল
দেশের বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে, বর্তমান সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
শনিবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। এই সরকারের অধীনে গত প্রায় তিন মাস ধরে তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দীর্ঘ সময়ে কোনো নির্দিষ্ট মামলা, কোনো ব্যক্তির পক্ষ নেওয়া কিংবা বিচার ব্যবস্থার স্বাভাবিক নিয়মে ব্যাঘাত ঘটানোর জন্য তাঁর ওপর কোনো মহলের রাজনৈতিক চাপ আসেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও এমন কোনো রাজনৈতিক চাওয়া-পাওয়ার কথা বলা হয়নি। এই অভিজ্ঞতা থেকেই প্রমাণিত হয় যে, বর্তমান প্রশাসন বিচার বিভাগের স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাসী।
মিডিয়া ট্রায়াল’ নিয়ে সতর্কবার্তা
নিজের অতীত সাংবাদিকতা জীবনের স্মৃতি চারণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবাদকর্মীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বস্তুনিষ্ঠ ও প্রকৃত সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরা। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয় একমাত্র আদালতে। তাই কোনো ধরনের খবর বা প্রচারণার কারণে যেন ‘মিডিয়া ট্রায়াল’ বা গণমাধ্যমের দ্বারা আগাম বিচার না হয়ে যায়, সে বিষয়ে সাংবাদিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে সত্য তথ্য দিয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











