সীতাকুণ্ডে বাসের ধাক্কায় আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক ও রেললাইন অবরোধ

০৩ নভেম্বর ২০২৬ - ১৪:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক ও রেললাইন অবরোধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন এবং সংলগ্ন রেললাইন অবরোধ করেছেন।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত মাইশা মুসফিয়াত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের কন্যা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ক্লাস শেষে কয়েকজন শিক্ষার্থী বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়কের ঢাকামুখী লেনে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি সামনে থাকা স্থানীয় ৮ নম্বর রুটের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে গেলে তিনজন গুরুতর আহত হন।

​আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

​চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা নামে ওই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবারের চলমান সব ক্লাস স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক ও রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রেখেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0