ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনেও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে প্রয়োজন হলে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন বাহিনী সিদ্ধান্ত নিলে মাত্র এক ঘণ্টার মধ্যই সেখানে হামলা সম্পাদন করতে সক্ষম।
সোমবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। ২০২৫ সালে ইরানের পারমাণবিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনকে কেন্দ্র করে অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো জটিল বিষয় নয়। প্রয়োজনে যে কোনো সময় এই পদক্ষেপ নেওয়া সম্ভব।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা ও বিভিন্ন সহিংসতায় সমর্থনের অভিযোগ এনে দাবি করেন, তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া হবে না। চলমান আলোচনার টেবিলে ইরান সুবিধাজনক অবস্থায় নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে পূর্ণাঙ্গ যুদ্ধ বলতে অস্বীকৃতি জানান; তাঁর মতে এটি একটি ‘খুবই সীমিত সংঘাত’।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে সীমিত আকারের সামরিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক সূত্রের দাবি, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুদ্ধবিমান ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়।
ইরানি সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে আমেরিকানদের একটি ড্রোন ভূপাতিত করেছে এবং আরও দুটি ড্রোনের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











