গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী

০৩ নভেম্বর ২০২৬ - ১২:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

আসন্ন গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন ও এর পরিধি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

​প্রধানমন্ত্রী বলেন, পর্যাপ্ত সূর্যের আলোকে সম্পদে রূপান্তরিত করতে হবে। উন্নয়ন সহযোগী ও সাধারণ জনগণ একসঙ্গে মিলে কাজ করলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা কোনো কঠিন বিষয় হবে না।

​অতীতের জ্বালানি নীতির সমালোচনা করে তিনি জানান, বিগত সরকারের আমলে দেশের জ্বালানি খাত পুরোপুরি আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। তবে পূর্ববর্তী সরকারের ভুল সিদ্ধান্তগুলোর সমালোচনা করে সময় নষ্ট না করে বর্তমান সরকার বিকল্প ও টেকসই সমাধানের পথ খুঁজে বের করছে।

​বিশ্বব্যাপী অস্থিরতার কারণে জ্বালানি খাতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ অত্যন্ত কার্যকরী বিকল্প হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এই খাতের অপার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একত্রে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া সৌরবিদ্যুৎ খাতের সামগ্রিক উন্নয়নে আলাদাভাবে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

​কৃষি খাতে সৌরশক্তির ব্যবহার ব্যাপক হারে বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র এলাকার ১৭ হাজার সেচপাম্প সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তুলবে সরকার।

​অনুষ্ঠান থেকে প্রবাসীদের প্রতি সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে দেশের সব নাগরিককে আরও বেশি দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0