বিয়ের গুঞ্জনের মাঝে কোন বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করালেন মিমি চক্রবর্তী?
তারকাদের ব্যক্তিগত জীবন এবং পর্দার পেছনের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বর্তমানে টালিপাড়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উড়ছে, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি এবং ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। এমন আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, মিমির জীবনের সবচেয়ে কাছের মানুষটি তার হবু বর, মা কিংবা বাবা নন—বরং অন্য এক বিশেষ ব্যক্তি।
ভক্তদের মাঝে নিজেই সেই মানুষের পরিচয় তুলে ধরেছেন এই তারকা। দীর্ঘ ১৫ বছর ধরে অভিনেত্রীর বিশ্বস্ত ছায়াসঙ্গী হিসেবে পাশে রয়েছেন তার বাড়ির পরিচারিকা বুল্টি। প্রচারের আলোর বাইরে নীরবে যিনি আগলে রাখেন মিমিকে। সুখের কিংবা দুর্দিনের প্রতিটি মুহূর্তে বুল্টি তার পাশে থেকেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বুল্টিকে পাশে রেখেই তার প্রতি নিজের অন্তরের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিমি।
বুল্টিকে বুকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে মিমি বলেন, ‘১৫ বছর ধরে ও আমার সঙ্গে রয়েছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকেও মনে হয় এই মেয়েটা বেশি বোঝে। আজ ওর ভাই এসেছে, ছবি তোলার আবদার করেছে। তাই ওর ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। এরপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, ঠিক আছে?’
পরিচারিকার প্রতি মিমির এমন সম্মান ও ভালোবাসার বিষয়টি দারুণভাবে নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর এই মানবিক আচরণের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। বুল্টির সঙ্গে প্রায়ই সামাজিক মাধ্যমে ছবি ও মুহূর্ত শেয়ার করেন মিমি। আজ তিনি কেবল একজন পরিচারিকা নন, বরং মিমির পরিবারেরই একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মিমিকে আগলে রাখার পাশাপাশি তার পোষ্য চারপেয়ে সন্তানদেরও পরম যত্নে দেখাশোনা করছেন বুল্টি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











