শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাবেন: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারের পক্ষ থেকে এসব ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে।
আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, অস্থিতিশীলতা সৃষ্টির এই চক্রান্ত কেবল বর্তমান সময় বা ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ডিসেম্বরের পরেও যেকোনো সময়ে পরিস্থিতি অস্থিতিশীল করার নতুন পাঁয়তারা হতে পারে।
ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে এসব অস্থিরতা তৈরি করা হচ্ছে কি না—এমন এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তাঁকে হাজার হাজার মানুষের সামনে থেকে পালিয়ে যেতে হয়েছে। তিনি যতদিন বেঁচে আছেন, তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেই সরকার মনে করে। তবে যেকোনো মূল্যে এই অপচেষ্টা দমন করা হবে।
শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যায়সংগত অধিকার ও দাবিকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
তিনি জানান, সাধারণত পোশাকশ্রমিকদের মজুরি প্রতি পাঁচ বছর পর পর পর্যালোচনা করা হয়ে থাকে। এর আগে ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ এবং ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের নিয়ম না থাকলেও, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, মূল্যস্ফীতি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি অনুধাবন করে সরকার সহানুভূতিশীল হয়ে আগেই এই বোর্ড গঠন করেছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা জানান, এসব ঘটনার সঙ্গে সীমান্তপারের যোগসূত্র রয়েছে। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় থাকার সামর্থ্য না থাকলেও, তাদের কাছে থাকা বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ঘটানোর চেষ্টা চালানো হতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











