বোমা হামলার হুমকির জেরে বুলেটপ্রুফ কাচে ঘেরা বক্সে ভক্তদের সামনে এলেন অমিতাভ বচ্চন
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববারের মতো এবারও ভক্তদের সঙ্গে দেখা করার নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তবে অতীতের চেয়ে ভিন্ন দৃশ্য দেখা গেছে এবার। কারণ, কোনো উন্মুক্ত চত্বরে নয়, বরং বিশেষ এক বুলেটপ্রুফ কাচের বক্সের ভেতর থেকে অনুরাগীদের অভিবাদন জানান এই মেগাস্টার। তার পুরো সময়জুড়ে সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন এবং চারপাশে নিয়োজিত ছিল কঠোর নিরাপত্তারহী বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি একটি অজ্ঞাতনামা ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি পাঠানো হয়। এই ঘটনার পর মুম্বাই পুলিশের বিশেষ পরামর্শে অভিনেতার সুরক্ষায় এই স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।
মূলত মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার কাছে আসা ওই হুমকিমূলক ই-মেইলে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের জলসা এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার কথা বলা হয়েছিল। আগামী ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই নাশকতার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করায় পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পারদ চড়েছে। এর আগে জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে, অমিতাভ বচ্চনসহ একাধিক শীর্ষ তারকার বাসভবনের আশপাশে আগে থেকেই রেকি বা নজরদারি চালিয়েছিল অপরাধীরা। এই ভীতিকর পরিস্থিতির কারণেই জলসা বাসভবনের চারপাশে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে ব্যারিকেড ও বুলেটপ্রুফ আবরণ। এতসব ঝুঁকি ও নিরাপত্তা বলয়ের মধ্যেও ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের এই ঐতিহ্য ও আত্মিক যোগাযোগ অব্যাহত রেখেছেন অমিতাভ বচ্চন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











