কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৪, আহত ৭
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
প্রাসঙ্গিক সংবাদ
দুর্ঘটনার বিবরণ
নিহতদের স্বজন মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার পর পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শিকলবাহা চৌমুহনী এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিতে গেলে মাইক্রোবাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকারীরা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য সাতজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











