ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
দেশের সার্বিক কল্যাণ ও অগ্রগতির স্বার্থে বিএনপি কোনো ছাড় দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যতের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রধান পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। সবাইকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করাই বিএনপির রাজনৈতিক আদর্শ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ও আয়োজনের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার ও দল হিসেবে বিএনপি পাশে রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের তিনটি বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন। উৎসব নির্বিঘ্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর পূজার বরাদ্দও আগের তুলনায় বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
রাজনৈতিক চক্রান্ত প্রসঙ্গে টুকু বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত ফ্যাসিবাদী শক্তি আবারও বিভিন্ন ধরনের চক্রান্তের পাঁয়তারা চালাচ্ছে। তবে দেশবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না, বরং ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখান থেকেই সারা দেশে মাদকবিরোধী অভিযান ছড়িয়ে দেওয়া হবে। মাদক সংক্রান্ত অপরাধে স্বদলীয় কেউ সম্পৃক্ত থাকলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
মতবিনিময় সভা শেষে অন্যান্য উচ্চপদস্থ সরকারি ও পুলিশ কর্মকর্তারা টাঙ্গাইলের ছোট কালীবাড়ি ও বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ সশরীরে পরিদর্শন করেন। তারা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











