কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, ম্যানেজার গ্রেপ্তার

১৭ অক্টোবর ২০২৬ - ২১:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে পুলিশ ওই রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে।

​শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ। সংবাদের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এই মর্মান্তিক ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

​এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন উখিয়ার পাটুয়ারটেক এলাকায় অবস্থিত কাঠের তৈরি এই ইকো রিসোর্টটিতে হঠাৎ আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

​কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলো বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

​নিহত ১০ জনের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ৬ জনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ। এ ছাড়া ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯) এবং জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম নামের দুই ব্যক্তি রয়েছেন।

​ভয়াবহ এই অগ্নিকাণ্ডের উৎস ও সঠিক কারণ উদঘাটনে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0