১৫০ টাকা ট্রাক্টর ভাড়া নিয়ে বিরোধ,আইসিইউতে থাকা কৃষক ৫ দিন পর হারালেন প্রাণ

১৭ অক্টোবর ২০২৬ - ১৫:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১৫০ টাকা ট্রাক্টর ভাড়া নিয়ে বিরোধ,আইসিইউতে থাকা কৃষক ৫ দিন পর হারালেন প্রাণ
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের ট্রাক্টরের মাত্র ১৫০ টাকা বকেয়া ভাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে কাঠের আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মারা গেছেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এ মৃত্যুর খবরে তাঁর নিজ গ্রাম মোড়ভাঙ্গায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​স্থানীয় সূত্র ও স্বজনদের সুত্রে জানা যায়, গত ১২ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা বাজারের একটি চপ-পেঁয়াজুর দোকানে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুস সালামের সঙ্গে একই গ্রামের ট্রাক্টরচালক আরিফের (৩৫) বাকবিতণ্ডা হয়।

​অভিযোগ সূত্রে জানা যায়, তর্কাতর্কির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফ দোকান থেকে একটি কাঠের খড়ি নিয়ে সালামের মাথায় সজোরে আঘাত করেন। এতে আঘাত পেয়ে সালাম মাটিতে পড়ে যান। স্বজনদের দাবি, আঘাতের পর অচেতন হয়ে পড়লেও তাঁর বুকে ও পিঠে আঘাত করা হয় এবং পরবর্তী সময়ে অভিযুক্ত স্থান ত্যাগ করেন।

​গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সালামকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী হাসপাতাল) নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাঁকে আইসিইউতে রাখা হয়, যেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তিনি প্রাণ হারান।

​মাত্র ১৫০ টাকার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনায় সালামের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তি আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0