চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দূরপাল্লার যানবাহনও বন্ধের হুঁশিয়ারি

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ২২:৫৬
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দূরপাল্লার যানবাহনও বন্ধের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে পাঁচটি আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেন স্থানীয় বাস-মিনিবাস শ্রমিক ও চালকেরা। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। বাস শ্রমিকদের অভিযোগ, একপর্যায়ে ইজিবাইক চালকেরা সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা ও মারধর করে।

​একই সঙ্গে তারা মহাসড়কে ব্যারিকেড তৈরি করে কয়েকটি বাস আটকে রাখে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরেই সোমবার সকাল থেকে পাঁচ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে কর্মজীবী মানুষ, চিকিৎসা সেবা নিতে ইচ্ছুক রোগী ও জরুরি প্রয়োজনে বের হওয়া দূরবর্তী যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি দেখা গেছে। বাধ্য হয়ে অনেক যাত্রী ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।

বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে বাস শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

​সভা শেষে জানানো হয়, বর্তমান পাঁচ রুটের ধর্মঘট অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার সব ধরনের বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

​চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে ইজিবাইকের অনিয়ম এবং শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদেই শ্রমিকেরা গাড়ি চালানো বন্ধ করেছেন। প্রশাসনকে দাবিগুলো জানানো হয়েছে। সমাধান না হলে মঙ্গলবার থেকে দূরপাল্লার বাস চলাচলও পুরোপুরি বন্ধ থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0