সিআইডির মামলায় গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার
সিআইডির একটি মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, সিআইডিতে দায়ের করা একটি মামলার সূত্রে তাদের অনুরোধে তাকে সন্ধ্যা ৬টায় বনানী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৬৭৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগ
সিআইডি সূত্রে জানা যায়, স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচারের অভিযোগে দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলাটি করা হয়। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি বৈধ পথে আমদানির পাশাপাশি স্থানীয় বাজার থেকেও বিপুল পরিমাণ সোনা ও হীরা সংগ্রহ করলেও সেগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
উল্লেখ্য, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোনা ও হীরা চোরাচালান, জালিয়াতি এবং অর্থপাচারের বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানে বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











