মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কা, ওয়াশিংটনের বিশেষ সতর্কতা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সম্ভাব্য হামলার আশঙ্কায় ওই অঞ্চলে বসবাসরত মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। গত সোমবার (১৯ অক্টোবর) জারি করা এই নির্দেশনায় সামরিক উত্তেজনা বৃদ্ধি, ফ্লাইট স্থগিত, আকাশসীমা বন্ধ হওয়া এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটার ঝুঁকির কথা জানানো হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ইউরো নিউজের তথ্যানুযায়ী, বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে দেওয়া বার্তায় উল্লেখ করা হয় যে, ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেতে পারে। উদ্ভূত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট এলাকার সীমা ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। সৌদি আরবে নিয়োজিত মার্কিন দূতাবাস দেশটির বর্তমান নিরাপত্তা অবস্থাকে জটিল বলে উল্লেখ করে জানায়, পূর্বেও হুতি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ডের বেসামরিক বিমানবন্দরসহ সংবেদনশীল অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা জনজীবনের সুরক্ষায় বড় হুমকি তৈরি করেছিল।
একইভাবে কাতারের মার্কিন দূতাবাসও নাগরিকদের সরকারি নির্দেশনা ও স্থানীয় সংবাদ পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছে। বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার জন্য রোববার আলাদা নির্দেশনা জারি করে তারা।
নিরাপত্তা পরিস্থিতির এই অবনতির প্রভাব ইতোমধ্যে বিমান চলাচলেও পড়তে শুরু করেছে। কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া জেদ্দামুখী দৈনিক ৭টি ফ্লাইটের জায়গায় ৪টি পরিচালনা করা হবে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ১২টি দেশ—ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে এই নিরাপত্তা সতর্কতা কার্যকর রয়েছে। নির্দিষ্ট কোনো সময় বা স্থান নির্দেশ না করলেও সার্বিক পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











