যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ প্রকাশ জেলেনস্কির: রুশ হামলার আগাম তথ্য না দেওয়ার অভিযোগ

২০ অক্টোবর ২০২৬ - ১৩:২৫
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ প্রকাশ জেলেনস্কির: রুশ হামলার আগাম তথ্য না দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

রাশিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের কাছ থেকে কোনো আগাম সতর্কবার্তা পাননি বলে গুরুতর অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি এই তথ্য গোপন রাখার কারণ জানতে চাওয়া হলেও ওয়াশিংটন বিষয়টিকে এড়িয়ে গেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

​কৌশলগত অংশীদারদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে জেলেনস্কি বলেন, “ওয়াশিংটন থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা পাইনি। সত্যি বলতে, কেন এমনটা ঘটল তা ব্যক্তিগতভাবে আমারও জানা নেই।”

​সিএনএনের বরাতে জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনে তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে গুরুত্বপূর্ণ এই সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত আগাম সতর্কবার্তা পাওয়া যায়নি।

​জেলেনস্কির এই সমালোচনার পর পাল্টা মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোমবার তিনি জানান, ওয়াশিংটন নিয়মিতই গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে থাকে। একই সঙ্গে ইউক্রেনের মনোভাবের সমালোচনা করে ট্রাম্প বলেন, “আমাদের সঙ্গে ইউক্রেনের তুলনা করবেন না। আমরা ইউক্রেনকে প্রচুর সহায়তা দিয়েছি, কিন্তু বিনিময়ে তাদের কাছ থেকে কিছুই পাইনি।”

​ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনীয় কর্মকর্তারা ধারণা করছেন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে গোয়েন্দা সহায়তার পরিধি সীমিত করে দিয়েছিল। এই কারণেই রোববার রাশিয়ার প্রথম দফার হামলার আগে সতর্কবার্তা পাননি তারা। অবশ্য ইউক্রেনের কর্মকর্তাদের দাবি অনুযায়ী, সেদিন সন্ধ্যার দিকে দ্বিতীয় দফার হামলার আগে তথ্য সরবরাহ ব্যবস্থা আবার চালু করা হয়েছিল।

​তবে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লুমবার্গকে জানান, ইউক্রেনকে তথ্য সরবরাহের ক্ষেত্রে পেন্টাগনের নীতিমালায় কোনো রদবদল হয়নি। যদিও ইউক্রেনীয় পক্ষের দাবি, বিগত এক সপ্তাহে মার্কিন গোয়েন্দা সহায়তা অস্বাভাবিকভাবে অনিয়মিত ছিল।

​উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে এক উত্তপ্ত বৈঠক হয়। এরপর সাময়িকভাবে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত রাখা হলেও পরবর্তী সময়ে তা পুনরায় চালু করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই দূরত্ব ও উত্তেজনা ফের দৃশ্যমান হয়ে উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0