ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

২০ অক্টোবর ২০২৬ - ১১:০৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
জেডি ভ্যান্স ও বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করলেও সেই পথ থেকে সরে এসেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পুনর্বার নির্বাচনে অংশ নেওয়া নেতানিয়াহুর পক্ষে কোনো অবস্থান নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলের রাজনীতি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনী প্রচারণাতেই নিজের পুরো মনোযোগ নিবদ্ধ রাখছেন তিনি।

​সম্প্রতি সাংবাদিক মার্ক হালপেরিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইসরায়েলের নির্বাচন ও নেতানিয়াহুকে সমর্থনের বিষয়ে জানতে চাওয়া হলে জেডি ভ্যান্স জানান, নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন বা প্রভাব অত্যন্ত শক্তিশালী হতে পারে। তবে নিজের অবস্থান পরিষ্কার করে উত্তর ক্যারোলিনায় প্রচারণায় যাওয়ার পথে তিনি বলেন, “আমি শুধুমাত্র আমেরিকান প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়ে থাকি এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়েই বর্তমানে আমি ব্যস্ত। তাই ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচনে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা আমার নেই।”

​যদিও অতীতে বিদেশি রাজনীতির মাঠে প্রচারণায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে ভ্যান্সের। গত বসন্তে হাঙ্গেরি সফরকালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, যদিও পরবর্তীতে ওরবানের ডানপন্থি দলটি নির্বাচনে পরাজিত হয়।

​ইসরায়েলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে ভ্যান্সের এই বৈপরীত্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মার্কিন রাজনীতির অভ্যন্তরীণ আলোচনায় ইহুদিবিদ্বেষ এবং ওয়াশিংটন-তেল আবিব সম্পর্ক যখন অন্যতম সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে, ঠিক তখনই রিপাবলিকান দলের ভেতরের বিভিন্ন বৈঠকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি নিয়ে ভ্যান্সের মুখোমুখি হওয়ার খবর মিলছে।

​এর আগেও ইসরায়েল ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বা সামরিক উত্তেজনার অবসানে ট্রাম্প প্রশাসনের নেওয়ার নানা পদক্ষেপের বিরোধীতা করায় নেতানিয়াহু সরকারের সমালোচনা করেন তিনি। প্রখ্যাত পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে অংশ নিয়ে ভ্যান্স অভিযোগ তোলেন, ইসরায়েলের নীতি নির্ধারণী কাঠামোর একাংশ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ দীর্ঘায়িত করতে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে। সার্বিকভাবে নেতানিয়াহুকে সমর্থন না দেওয়ার ঘটনাটি ট্রাম্প ও ভ্যান্সের মধ্যকার নীতিগত ফারাককেই নতুন করে সামনে নিয়ে এল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0