ভোটার তালিকা বিতর্ক: ‘ভারত বাংলাদেশ নয়’ মন্তব্যে রিজিজু-থারুর বাকযুদ্ধ

১৯ অক্টোবর ২০২৬ - ২৩:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভোটার তালিকা বিতর্ক: ‘ভারত বাংলাদেশ নয়’ মন্তব্যে রিজিজু-থারুর বাকযুদ্ধ
ছবি সংগৃহীত

ভারতের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি—স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাগ্‌যুদ্ধ চরম আকার ধারণ করেছে। সম্প্রতি 'ক্ষমতা বদল' (রেজিম চেঞ্জ) সংক্রান্ত মন্তব্য কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এবং কংগ্রেসের জ্যেষ্ঠ সংসদ সদস্য শশী থারুরের মধ্যে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন ও তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

​জেএনইউ-এর শিক্ষার্থী নেহা বোরাসহ বিরোধী নেতাদের সমালোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ একটি ভিডিও প্রকাশ করেন। বিরোধী নেতাদের বক্তব্য তুলে ধরে তিনি লেখেন, যারা সরকার পতনের চেষ্টা করছে তাদের চেনা প্রয়োজন। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান, ভারত বাংলাদেশ নয় এবং দেশের তরুণ সমাজ দেশকে ধ্বংস না করে গড়ার পক্ষে অবস্থান নেবে।

​রিজিজুর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানান, রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সঙ্গে অন্য কোনো দেশের তুলনা টানা অপ্রাসঙ্গিক। বিরোধীরা কেবল শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি তুলে ধরছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী জোট কোনো সহিংসতা সমর্থন করে না এবং ক্ষমতা বদলের প্রলোভন বা শব্দ বিকৃত করার কোনো ভিত্তি নেই। মূলত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষকে বাদ দেওয়াকে তিনি একটি গুরুতর সাংবিধানিক সংকট হিসেবে অভিহিত করেন।

​উল্লেখযোগ্য যে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পটভূমি এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ টেনে ক্ষমতাসীন বিজেপির নেতারা প্রায়শই বিরোধী কংগ্রেসকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। অন্যদিকে, এসআইআর কর্মসূচির মাধ্যমে অন্তত ১৩ কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে দিল্লির রাজপথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ পালন করছে কংগ্রেস, ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বামপন্থী রাজনৈতিক দলগুলো। তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করলেও নির্বাচন কমিশন এসংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0