হরমুজ প্রণালিতে আগের জায়গায় ফিরছে তেল সরবরাহ, তথ্য মার্কিন জ্বালানিমন্ত্রীর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী সংকট শুরুর আগের পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে হরমুজ প্রণালির তেল সরবরাহ। বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দৈনিক ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হচ্ছে, যা আগের স্বাভাবিক সময়ের প্রায় ৮০ শতাংশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিবহনের এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করেছেন।
মার্কিন জ্বালানিমন্ত্রী জানান, জলপথে নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজার স্থিতিশীল রয়েছে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং পর্যাপ্ত মজুত থাকার কারণেই এটি সম্ভব হলেও সংকট এখনো পুরোপুরি কাটেনি।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে ঘাটতি এড়াতে ডিজেলের বড় বড় মজুত উন্মুক্ত করার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। তবে এই প্রক্রিয়ার গতি কিছুটা মন্থর। সম্প্রতি রাশিয়ার ওপর নির্দিষ্ট কিছু ডিজেল রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এ সিদ্ধান্ত কেবল ডিজেল সরবরাহের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
ইতিমধ্যে চলতি মাসের গোড়ার দিকে মার্কিন ছাড়পত্রের আওতায় আন্তর্জাতিক বাজারে ৩ লাখ মেট্রিক টনের বেশি ডিজেল সরবরাহের ঘোষণা দিয়েছে মস্কো। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে সরাসরি জ্বালানি আনা নয়, বরং আন্তর্জাতিক বাজারে সার্বিক জোগান বাড়িয়ে জ্বালানির বৈশ্বিক দাম নিয়ন্ত্রণে আনা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











