ফ্রান্সে উত্তাল বিক্ষোভের মুখেও পদত্যাগ করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব প্রত্যাখ্যান মাখোঁর
দেশজুড়ে ছড়িয়ে পড়া তীব্র আন্দোলন ও সহিংস পরিস্থিতি সামলাতে নিরাপত্তা ব্যবস্থাপনার ত্রুটি স্বীকার করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এমন উত্তাল পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পদত্যাগের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পদত্যাগপত্র জমা দিলেও দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মাখোঁ তা গ্রহণ করেননি। পদত্যাগ প্রত্যাখ্যান করে উল্টো গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিরাপত্তা কাঠামোর দুর্বলতা চিহ্নিত করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সহিংসতা রুখতে নিরাপত্তা বাহিনীর কার্যপদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনারও তাগিদ দেন ফরাসি প্রেসিডেন্ট।
চলতি অক্টোবর মাসের শুরুর দিকে শিক্ষার্থীদের হাত ধরে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তীতে পুরো দেশে রূপ নেয়। সরকারি হিসেবমতে, শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিলেও আয়োজকদের দাবি তা ছিল প্রায় ৮ লাখ। দেশব্যাপী সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯৯৭ জন সদস্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাখোঁ জানান, সাধারণ আন্দোলনকারীদের দাবির সাথে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও লুটপাটে জড়িতদের একসাথে মেলালে চলবে না। সহিংসতা ও ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











