মেলোনি সরকারের বিতর্কিত শিক্ষানীতির প্রতিবাদে রোমে অভিবাসীদের ব্যাপক বিক্ষোভ

১৯ অক্টোবর ২০২৬ - ০৬:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেলোনি সরকারের বিতর্কিত শিক্ষানীতির প্রতিবাদে রোমে অভিবাসীদের ব্যাপক বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের নতুন ‘স্কুল ডিক্রি’ এবং কথিত বৈষম্যমূলক নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী রোম। রোববারের (১৮ অক্টোবর) এই প্রতিবাদ কর্মসূচিতে শহরের তরপিনাত্তারা এলাকায় জড়ো হন বিপুলসংখ্যক অভিবাসী পরিবার, মানবাধিকারকর্মী, শিক্ষার্থী ও সাধারণ স্থানীয় বাসিন্দারা।

​সমাবেশ থেকে সরকারের বিতর্কিত শিক্ষানীতি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। সেই সঙ্গে ইতালিতে বসবাসরত অভিবাসীদের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সমান সুযোগ নিশ্চিতের জোর আহ্বান জানান আন্দোলনকারীরা।

​বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এক অভিবাসী প্রতিনিধি বলেন, ইতালির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভিবাসী জনগোষ্ঠীর অবদান অনস্বীকার্য। তবে মেলোনির কট্টরপন্থী সরকার একের পর এক বৈষম্যমূলক পদক্ষেপ নিয়ে অভিবাসীদের মূলধারার সমাজ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরায় নিষেধাজ্ঞা জারি কিংবা বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় সীমা নির্ধারণ কোনো যুক্তিসঙ্গত সমাধান হতে পারে না; বরং এটি সরাসরি ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার মৌলিক অধিকারে হস্তক্ষেপ।

​কর্মসূচির আয়োজক ও অভিবাসী অভিভাবকেরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যে, সরকার যদি এসব নীতি থেকে সরে না আসে, তবে শিগগিরই ইতালিজুড়ে আরও বৃহত্তর সামাজিক ও আইনি পদক্ষেপের মাধ্যমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0