ফিলিস্তিনের পশ্চিম তীরে চরমপন্থীদের হামলায় যুক্তরাষ্ট্র ‘গভীর উদ্বিগ্ন’, ইসরায়েলকে কঠোর ব্যবস্থার তাগিদ মার্কো রুবিওর
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অব্যাহত সহিংস হামলা ঠেকাতে ইসরায়েল সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি সেখানে এক মার্কিন নারী আলোকচিত্রী ও সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, পশ্চিম তীর থেকে যে সব ছবি ও খবর পাওয়া যাচ্ছে, তা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। ওয়াশিংটন এ ধরনের ঘটনা রোধে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপের তাগিদ দেওয়া অব্যাহত রেখেছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর আলোকচিত্রী হেইডি লেভিনের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। গত শুক্রবারে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের সহিংসতার খবর সংগ্রহের সময় একাধিক ব্যক্তি সংবাদকর্মী লেভিনের ওপর হামলা চালায়। এই ঘটনায় তিনিসহ অন্তত দুজন আহত হন।
উজবেকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রুবিও উল্লেখ করেন, মার্কিন পররাষ্ট্র দফতর লেভিনের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন বা আপডেট পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, পশ্চিম তীরে পৃথক এক সহিংসতার ঘটনায় ইউরোপীয় কূটনীতিক ও ফ্রান্সের একজন মেয়রও হামলার শিকার হয়েছেন।
ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীদের তৎপরতা পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা ‘ইয়েশ দিন’-এর তথ্যমতে, বাৎসরিক জলপাই সংগ্রহের মৌসুম শুরু হওয়ার পর থেকে (গত ২৭ সেপ্টেম্বর থেকে) পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলার ঘটনা ঘটেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











