মেক্সিকো উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ১১, হাঙরের কামড়ে বহু আরোহী আহত
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে ২৭ জন আরোহী নিয়ে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১১ জন নিখোঁজ হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া বেশ কয়েকজন আরোহী সমুদ্রে হাঙরের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) মেক্সিকোর এনসেনাডা থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৯০ মিনিটব্যাপী পরিচালিত ওই অভিযানে মার্কিন কোস্ট গার্ডের হেলিকপ্টার ও অভিজ্ঞ ডুবুরি দল ১৬ জন মেক্সিকান নাগরিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার পাওয়া ব্যক্তিদের শরীরে হাঙরের কামড়ের মারাত্মক ক্ষত দেখা গেছে। তাদের দ্রুত উদ্ধারকারী জাহাজে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সান দিয়েগোর কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে মার্কিন কোস্ট গার্ড, মার্কিন নৌবাহিনী ও মেক্সিকান নৌবাহিনী হেলিকপ্টার, বিশেষ উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ নিয়ে নিখোঁজ ১১ জনের খোঁজে ব্যাপক তল্লাশি জোরদার করেছে।
প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এটি একটি অবৈধ অভিবাসনের প্রচেষ্টা ছিল। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের জন্য বহুল ব্যবহৃত একটি রুট। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং উদ্ধার পাওয়া আরোহীদের জিজ্ঞাসাবাদ করছে। মার্কিন আইন অনুযায়ী, তারা মানবপাচার বা অপরাধের তথ্য সরবরাহ করতে পারলে মানবিক প্যারোলের আওতায় সাময়িকভাবে দেশটিতে অবস্থানের সুযোগ পেতে পারেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











