নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলটের মৃত্যু, হুতি ও জোটের ভিন্ন দাবি

১৮ অক্টোবর ২০২৬ - ১৫:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলটের মৃত্যু, হুতি ও জোটের ভিন্ন দাবি
ছবি সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকদলে থাকা দুই সদস্য নিহত হয়েছেন। সীমান্ত সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটিকে কেন্দ্র করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে পরস্পরবিরোধী দাবি পাওয়া গেছে।

​সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, নাজরান এলাকায় টহল কার্যক্রমে নিয়োজিত ন্যাশনাল গার্ডের ‘এএইচ-সিক্সআই’ মডেলের একটি পর্যবেক্ষণ (রিকনেসান্স) হেলিকপ্টার কারিগরি ত্রুটির মুখে পড়ে বিধ্বস্ত হয়। এর ফলে হেলিকপ্টারে থাকা দুই পাইলট প্রাণ হারান। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর এই প্রথম সৌদি জোটের সামরিক সদস্য নিহতের ঘটনা ঘটল।

​অন্যদিকে, নাজরানের আকাশে হেলিকপ্টারটিকে ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। তাদের দাবি, তাদের আঘাতেই রিকনেসান্স হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে এবং এতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।

​ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা প্রদানকারী সৌদি বাহিনী বেশ কিছুদিন ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। গত প্রায় চার মাস আগে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর হুতিরা লোহিত সাগর উপকূলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নেয়, যার ফলে দুই পক্ষের সহিংসতা আরও জোরদার হয়। এর জবাবে এডেনভিত্তিক সরকারের সঙ্গে যৌথভাবে সানাভিত্তিক হুতি লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালায় সৌদি জোট। একই সঙ্গে হুতিরাও লোহিত সাগরের নৌযান, বিভিন্ন জ্বালানি স্থাপনা এবং রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের অভ্যন্তরে বেশ কিছু স্পর্শকাতর স্থানে পাল্টা হামলা চালায়। গত সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে চালানো তেমনই একটি হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0