ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই রাজনৈতিক ব্যক্তিত্বদের বিষয়ে তার কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য হিল-এর এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকলেও এখনো সেই পথ খোলা রয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তিনি চাইলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনি প্রক্রিয়া শুরু করতে পারেন অথবা তাদের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার মতো উদ্যোগ নিতে পারেন। তবে নিজের এসব দাবির সপক্ষে কোনো স্পষ্ট বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
তবে সাবেক এই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত তিনি সত্যিই কোনো পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে সংশয় বজায় রেখেছেন ট্রাম্প নিজেই। কথা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, এমন পদক্ষেপ নিলে তাকে হয়তো আবারও অভিশংসনের মুখোমুখি হতে হতে পারে—এমনটি বলেই তিনি অন্য প্রসঙ্গে চলে যান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











