হরমুজ প্রণালিতে সমুদ্রমাইনে বিস্ফোরণ: দুই মিলিয়ন ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে ভয়াবহ আগুন
ইরানের নিষিদ্ধ ঘোষিত একটি জলসীমা ব্যবহার করে জলপথ অতিক্রমের চেষ্টাকালে দুই মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হেনেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর বরাত দিয়ে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সমুদ্রমাইনে আঘাতের পর জাহাজটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেটি আগুনে লেলিহান হয়ে ওঠে।
বিবৃতিতে বলা হয়, সংবেদনশীল ওই এলাকা অতিক্রমকালে ট্যাংকারটি নিজের ট্র্যাকিং ব্যবস্থা ও আধুনিক রাডার সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ রেখেছিল। পাশাপাশি প্রতারণামূলক পদক্ষেপের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে জাহাজটি প্রণালিটি পার হওয়ার অপচেষ্টা করছিল বলে দাবি করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে সতর্ক বার্তা জারি করেছে আইআরজিসির নৌবাহিনী। ইরানের বিধিনিষেধ ও প্রণালির নিরাপত্তাসংক্রান্ত নিয়মকানুন অমান্য করে বিদেশি সামরিক শক্তির ওপর ভরসা করে চলাচলের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও কড়া বার্তা দিয়েছে বাহিনীটি।
তবে আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সুপারট্যাংকারটির নাম, রেজিস্ট্রেশনকৃত দেশের নাম কিংবা জাহাজে থাকা ক্রু ও নাবিকদের কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ঘটনাটির আন্তর্জাতিক বা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিতকরণ বা বিবরণ এখনো পাওয়া সম্ভব হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











