ট্রাম্পের প্রশংসায় সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, জানাল কাজের অভিজ্ঞতা
হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা ও সম্পর্কের বিষয়ে স্মৃতিচারণ করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অনুসারীদের সঙ্গে এক খোলামেলা প্রশ্নোত্তর পর্বে ট্রাম্পকে অত্যন্ত সদয়, অনুপ্রেরণাদায়ী ও রসিক ব্যক্তি হিসেবে অভিহিত করেন তিনি। একই সাথে নিজের নতুন কর্মপরিকল্পনা ও পারিবারিক জীবন নিয়েও বিভিন্ন তথ্য শেয়ার করেছেন।
ভ্রমণকালীন সময়ে ইনস্টাগ্রামে আয়োজিত ওই প্রশ্নোত্তর পর্বে ট্রাম্পের ব্যক্তিত্ব, কর্মজীবন এবং দুই সন্তানের মা হিসেবে দায়িত্ব পালনের নানা দিক তুলে ধরেন ২৯ বছর বয়সী লেভিট। ডোনাল্ড ট্রাম্প একজন ভালো মানুষ কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলধারার গণমাধ্যম ট্রাম্পের ইতিবাচক দিকগুলো সাধারণত প্রচার করে না। তবে পদত্যাগ করার পরও ট্রাম্প তার প্রতি সর্বদা সদয় ও অনুপ্রেরণাদায়ী ছিলেন। পাশাপাশি তিনি তাকে একজন অত্যন্ত মজার মানুষ হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত হোয়াইট হাউসের প্রেস সচিবের গুরুদায়িত্ব সামলেছেন ক্যারোলিন লেভিট। পরবর্তীতে সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। কাজের চাপের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রেস সচিব থাকা অবস্থায় তাকে সপ্তাহে ৬০ ঘণ্টারও বেশি সময় অফিসে কাটাতে হতো এবং সার্বক্ষণিক ভ্রমণসহ ২৪ ঘণ্টা প্রস্তুত থাকতে হতো। বর্তমানে তিনি প্রতিদিন সন্তানদের সান্নিধ্যে কাটাচ্ছেন এবং কিছু টেলিভিশন আয়োজনে অংশ নিচ্ছেন। আগামী মাস থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যম ফক্স নিউজের কন্ট্রিবিউটর হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
ক্যারোলিন লেভিট এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্টের লেখক ও সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ারের প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী হয়ে কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনি তৎকালীন হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতি ও জনসংযোগ বিষয়ে আগ্রহীদের উদ্দেশ্যে তিনি অ্যাকাডেমিক পড়াশোনা শেষ করার আগেই বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











