ভেনেজুয়েলায় শতবছরের ভয়াবহতম জোড়া ভূমিকম্প: নিহত ১৭১৯, ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক ভবন
ভেনেজুয়েলায় ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত ২৪ জুন ভোর ৬টা ৪ মিনিটে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭.৫ ও ৭.২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৫ হাজার ৩৪ জন। এছাড়া গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১২ হাজার মানুষ। নিখোঁজ ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেনি স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পের তীব্রতায় প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হতে পারে বলে গবেষকদের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের এবং জ্যামন ভ্যান ডেন হুক ২৫ জুন সংগৃহীত স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করে এই প্রাক্কলন তৈরি করেছেন। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA)-এর সেন্টিনেল-১ রাডার উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনটি প্রস্তুত করা হয়, যা ভূমির আকস্মিক পরিবর্তন দেখে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আভাস দেয়। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এই তথ্যটি এখনো মাঠপর্যায়ে সম্পূর্ণ যাচাই করা হয়নি এবং এটি একটি প্রাথমিক নির্দেশক মাত্র।
অন্যদিকে, ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির যে তথ্য দেওয়া হয়েছে, তা গবেষকদের পূর্বাভাসের তুলনায় অনেক কম। গত ২৯ জুন (সোমবার) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল সম্পর্কে জানা গেছে, ৭.৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। আর ৭.২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল একই অঙ্গরাজ্যের সান ফেলিপে শহর থেকে ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
ইতিহাসের পাতা উল্টে দেখা যায়, এর আগে ১৯০০ সালে ভেনেজুয়েলায় 'সান নারসিসো' নামের একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার মাত্রা ছিল ৭.৬ থেকে ৭.৭। ওই সময় দেশটির উত্তর উপকূলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ ১২৬ বছর পর ভেনেজুয়েলার মানুষ আবারও একই ধরনের ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











