বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের মার্কিন নীতি বাতিল করলেন আদালত
৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে রায় দিয়েছেন আমেরিকার একটি আদালত। নিউইয়র্কের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জাজ জিনেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এই আদেশ দেন। রায়ে তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নীতি জারি করে তার আইনি এখতিয়ার অতিক্রম করেছেন।
আদালতের পর্যবেক্ষণে বিচারক জিনেট ভার্গাস বলেন, স্টেট ডিপার্টমেন্টের এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি এবং তা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন আইনের সরাসরি পরিপন্থী। প্রচলিত অভিবাসন আইনে কনস্যুলার কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়াকরণের স্বতন্ত্র ক্ষমতায় পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি। আদালতের মতে, জাতীয়তার ভিত্তিতে আবেদনকারীদের অভিবাসন ভিসা পেতে ঢালাওভাবে বাধা দেওয়া দেশের আইনি কাঠামোর স্পষ্ট লঙ্ঘন।
২০২৬ সালের জানুয়ারি মাসে ট্রাম্প প্রশাসন এই স্থগিতাদেশ কার্যকর করেছিল। এর আওতায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান; ল্যাটিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বালকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়াসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিকরা ভিসা আবেদন প্রক্রিয়ায় বাধার মুখে পড়েন।
স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তখন যুক্তি দেওয়া হয়েছিল, নির্দিষ্ট এসব দেশের আবেদনকারীদের ক্ষেত্রে মার্কিন সরকারি কোষাগারের ওপর আর্থিক বোঝা (পাবলিক চার্জ) তৈরি করার ঝুঁকি অনেক বেশি। তবে আদালতের রায় প্রকাশের পর সংস্থাটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন 'ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক' ও 'আফ্রিকান কমিউনিটিজ টুগেদার'-এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভিসাপ্রার্থী ও তাদের স্বজনদের দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে বিচারক ভার্গাস এ সিদ্ধান্ত দেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নীতিগত কঠোরতার অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করলেও মানবাধিকার সংস্থাগুলো একে বাকস্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছিল।
সুত্র : রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











