সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ১২ দেশ

২২ আগস্ট ২০২৬ - ০৮:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ১২ দেশ
ছবি সংগৃহীত

সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ১২টি দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর দীর্ঘমেয়াদি প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

​শুক্রবার (২১ আগস্ট) তুরস্ক, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, লেবানন, মালয়েশিয়া, মৌরিতানিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব ও সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই নিন্দা জানান। বিবৃতিতে হামলাটিকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন বজায় রাখতে এবং এই ধরনের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা।

​এর আগে গত মঙ্গলবার উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ঘাঁটির রানওয়ে ও সামরিক সরঞ্জাম রাখার গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

​ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পেছনে যুক্তি দিয়ে দাবি করেন, সিরিয়া ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। তবে তুরস্ক এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে জানিয়েছে, হামলার সময়ে সেখানে কোনো তুর্কি সেনা উপস্থিত ছিল না।

​অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানান, ঘাঁটিটিতে তুরস্কের কোনো স্থায়ী সামরিক উপস্থিতি বা সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল না। মূলত যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করে সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের উপযোগী করাই ছিল লক্ষ্য। হামলার সময় ঘাঁটিটি প্রায় খালি ছিল বলেও তিনি নিশ্চিত করেন।

​এদিকে সিরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কোনো সুফল বয়ে আনবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0