উত্তর কোরিয়ার নীতি পরিবর্তনে কঠিন শর্ত: ট্রাম্পের বৈঠক আহ্বানে কিম বোনে সতর্ক বার্তা
চলতি বছরের শেষভাগে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই আলোচনার প্রস্তাবকে আপাতদৃষ্টিতে বেশ সতর্ক ও শীতল অভ্যর্থনা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি স্পষ্ট করে দিয়েছে যে, দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও কূটনীতির ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সামরিক মহড়ার পরিধি হঠাৎ কমিয়ে আনার ঘোষণা দেন। এই মহড়াকে উত্তর কোরিয়ার জন্য শত্রুভাবাপন্ন আখ্যা দিয়ে গত বুধবার তিনি আশা প্রকাশ করেন যে, এ বছরের শেষদিকে কিমের সঙ্গে তার বৈঠক হতে পারে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষদিকে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
তবে উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা ও কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া কমানোর উদ্যোগকে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নীতি এখনও উত্তর কোরিয়ার জন্য বৈরী ও আগ্রাসী রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভাই কিম জং উনের সাম্প্রতিক কোনো সরাসরি যোগাযোগের তথ্যও তিনি অস্বীকার করেন। তবে দুই নেতার মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক যে চমৎকার, সেটি তিনি পুনর্ব্যক্ত করেছেন।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া কৌশলগত অবস্থান বজায় রাখতেই এমন সতর্ক প্রতিক্রিয়া দেখাচ্ছে। পিয়ংইয়ং বার্তা দিচ্ছে যে, ব্যক্তিগত সুসম্পর্ক কখনোই জাতীয় নিরাপত্তা বা সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় প্রভাব ফেলবে না। তাছাড়া মার্কিন নীতিতে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া বা শত্রুভাবাপন্ন নীতি পুরোপুরি পরিহারের মতো কঠিন শর্ত পূরণ ছাড়া এবার আলোচনায় বসতে আগ্রহী নয় উত্তর কোরিয়া।
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ জানাতে উত্তর কোরিয়া সম্প্রতি তাদের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে পিয়ংইয়ংয়ের এই কড়া প্রতিক্রিয়া আলোচনার পথ সম্পূর্ণ বন্ধ করার জন্য নয়, বরং ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের অনুকূলে বাড়তি সুবিধা আদায়ের কৌশল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
সুত্র: রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











