রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মধ্যরাতে হাসপাতালে স্থানান্তরিত ইমরান খান
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়।
গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। দেশটির বর্তমান সরকার আদালতকে এ সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানালেও সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার রাতে তাকে কারাগারে পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ৭৩ বছর বয়সী এই নেতার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে।
বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর কিছু সময় আগে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছিলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়নে প্রস্তুত। ইমরান খানকে স্থানান্তরের পূর্বে শিফা আন্তর্জাতিক হাসপাতালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জোরদার করা হয়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়।
চলতি আগস্টের শুরুর দিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর জানা যায়, ইমরান খান উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন এবং তার রক্তচাপ নিয়মিত ওঠানামা করছে। এছাড়া তার মধ্যে মানসিক অস্থিরতা ও আতঙ্কের লক্ষণ দেখা গেছে। তার আইনি দল ও স্বজনদের দাবি, দীর্ঘ সময় নির্জন কারাবাসে রাখার কারণেই তার এ শারীরিক ও মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি গত বছর থেকেই তার দৃষ্টিশক্তিতে কিছু জটিলতা দেখা দিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের আগস্ট মাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে তিনি বন্দি জীবনযাপন করছেন। তার স্ত্রী বুশরা বিবিও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











